দেশব্যাপী ‘মসজিদ ভিত্তিক দাওয়াহ ও শিক্ষা’ প্রকল্পের উদ্বোধন:
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের তত্ত্বাবধানে দেশব্যাপী দ্বীনি শিক্ষা ও নৈতিক প্রচার প্রসারে এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। গতকাল ৯ মে, ২০২৬, শনিবার জমঈয়তের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ‘মসজিদ ভিত্তিক দাওয়াহ, শিক্ষা ও দিকনির্দেশনা প্রকল্প’ (مشروع الدعوة والتعليم والإرشاد) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হিসেবে কেন্দ্রীয় সহযোগী দাওয়াহ বিষয়ক সেক্রেটারি শাইখ ইসহাক এরশাদ মাদানী-এর হাতে প্রকল্পের প্রয়োজনীয় বইসমূহ তুলে দেওয়ার মাধ্যমে এই মহতী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কেন্দ্রীয়ভাবে যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা, এলাকা ও স্থানীয় শাখাসমূহে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে ইন শা আল্লাহ।
প্রকল্পের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে এই প্রকল্পের আওতায় প্রধানত ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, যা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
১. শিশুদের মক্তব: শিশুদের শৈশবেই শুদ্ধ কুরআন তিলাওয়াত ও বুনিয়াদি ইসলামি শিক্ষা প্রদান।
২. বয়স্কদের মক্তব: যারা ছোটবেলায় শিক্ষা অর্জনের সুযোগ পাননি, তাদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা।
৩. সাপ্তাহিক দারস ও হালাকা: নিয়মিত কুরআন-সুন্নাহর আলোচনা ও জ্ঞানচর্চার আসর।
৪. ‘ঘরে ঘরে দাওয়াত’ কর্মসূচি: দ্বীনের দাওয়াত প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
৫. সাংগঠনিক পরিকল্পনা: কর্মসূচি সফল করতে নিয়মিত পর্যালোচনা সভা পরিচালনা।
৬. যাকাত ও কল্যাণ তহবিল: আর্তমানবতার সেবা ও সামাজিক নিরাপত্তার জন্য তহবিল গঠন ও সঠিক পরিচালনা।
প্রকল্পের পরিচয় দিতে গিয়ে জমঈয়তের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম বলেন, মসজিদকে কেন্দ্র করে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সহীহ দ্বীনি জ্ঞান ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক ঐক্য সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সংগঠনের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ের সকল দায়িত্বশীলদের এই কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।









